জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে গতকাল শহরের মোক্তাপাড়ায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে বিভিন্ন সংগঠনের মানববন্ধন l ছবি: প্রথম আলো
নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে গতকাল শহরের মোক্তাপাড়ায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে বিভিন্ন সংগঠনের মানববন্ধন l ছবি: প্রথম আলো

নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। একই দাবিতে গত শুক্রবার বিকেলে ঠাকুরাকোনা এলাকাবাসী বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল বিকেলে শহরের মোক্তাপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে প্রথম আলো বন্ধুসভা নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে ‘নাগরিক সমাজ, নেত্রকোনা’র ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে জেলা উদীচী, মহিলা পরিষদ, জনউদ্যোগ, সুজন, সচেতন নাগরিক সমাজ ঠাকুরাকোনা, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাবলম্বী, নারীপ্রগতিসহ শহরের অন্তত ১৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এ ছাড়া নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাইফুল্লাহ এমরানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ধর্ষণের শিকার কিশোরীর মা আলপনা আক্তার, বাবা লাল চান মিয়া, ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সামাদ, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, জেলা সিপিবির সভাপতি মোস্তফা কামাল, প্রেসক্লাবের সম্পাদক ও জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উদীচী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান জিয়াউল কবীর, মদন মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যাপক হারাধন সাহা, নারীপ্রগতির ব্যবস্থাপক আলী আমজাদ খান, স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনুর বেগম, ছড়াকার সঞ্জয় সরকার, কবি আবদুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে কিশোরীর মা অভিযোগ করেন, গত রোববার সন্ধ্যার দিকে ঠাকুরাকোনা গ্রামের তিন তরুণ তাঁর মেয়েকে (১৪) মাছের খামারের একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে তিনি কৌশলে সেখানে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করেন। তখন তাঁর মেয়েকে বিধ্বস্ত দেখাচ্ছিল। সে (তাঁর মেয়ে) ঘরে এসে বলে, ওই তিন তরুণ তাকে ধর্ষণ করেছে। কিছুক্ষণ পর তরুণদের মধ্যে একজন তাঁদের ঘরে এসে ঘটনাটি কাউকে জানালে তাঁদের মেরে ফেলা হবে বলে হুমকি দেন। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি জেনে ফেলেন। পরদিন বেলা ১১টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখে তাঁদের জানান স্থানীয় লোকজন। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু তাতে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। শুধু হত্যা না আত্মহত্যা, তা জানতে চাওয়া হয়।

মেয়েটির বাবা বলেন, ‘গত বুধবার তিনি থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে বলেছে, আগের অপমৃত্যুর মামলাটিই চলবে। এখন চলে যান।’

গত বুধবার নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর বলেছিলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো রেপ টেপ হয়নি। প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে অভিমানে মরেছে।’

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত শুক্রবার পুলিশ মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটির ওই দিন পরিধান করা পোশাকসহ কিছু আলামত সংগ্রহ করে। ঘটনাটি জানতে গতকাল রোববার পুলিশ সুপার জয়দেব চৌধুরী মেয়েটির মা ও স্থানীয় কয়েকজনকে তাঁর কার্যালয়ে ডেকে নেন।

জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।