জড়িতদের শাস্তির দাবিতে সমাবেশ
যশোর শহরে নারী রেস্তোরাঁকর্মী ছায়া খাতুনের খুনিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ হয়েছে। হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে শহরের দড়াটানা মোড়ে ভৈরব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ শফিকুর জালাল। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবীবা শেফা, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুন নাহার, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার, ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. মহসীন আলী, নারী মুক্তি সংসদের জেলা আহ্বায়ক সখিনা বেগম, হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের বিভাগীয় নেতা কামাল পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, শ্রম আইনের প্রয়োগ না থাকায় ছায়া খাতুনের মতো একের পর এক শ্রমিক খুন হচ্ছেন। ছায়া খাতুনসহ সব খুনের বিচার দাবি করেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার শহরের মনিহার প্রেক্ষাগৃহ-সংলগ্ন একটি রেস্তোরাঁ থেকে ছায়া খাতুন (২২) নামের ওই হোটেলকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছায়া খাতুনের বাবা ইমান আলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
ছায়া খাতুন যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী শ্যামড়াগাছি গ্রামের ইমান আলীর মেয়ে। তিনি মনিহার প্রেক্ষাগৃহের পেছনে মফিজুর রহমান ওরফে বাবুর খাবার হোটেলে কাজ করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ওই মামলার এজাহারভুক্ত আসামি হোটেলের মালিক মফিজুর রহমান ও তাঁর স্ত্রী নাসিমা খাতুন কারাগারে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন।