জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগ ওঠা আওয়ামী লীগের নেতা খায়রুদ্দিন ওরফে মিরাজ ও তাঁর সহযোগীদের গতকাল সোমবারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর প্রেসক্লাব প্রশাসনকে যে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল, গতকাল দুপুর ১২টায় তা শেষ হয়েছে। এদিকে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতায় গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে মিরাজ ও তাঁর সহযোগীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় পরবর্তী করণীয় নির্ধারণ করতে কাল (আজ মঙ্গলবার) সন্ধ্যায় প্রেসক্লাবে সভা ডাকা হয়েছে। গ্রেপ্তার প্রসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, ‘সাংবাদিক লাঞ্ছিত হওয়ায় ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে যে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে, তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গণ্য করে মামলার প্রক্রিয়া শুরু করতে সদরের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আমরা আদালতের নির্দেশনার অপেক্ষায় আছি।’ নিন্দা ও ক্ষোভ অব্যাহত: প্রথম আলোর সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম, ফরিদপুর সচেতন কমিটির সভাপতি মুজিবর রহমান, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, সমকাল সুহূদ সমাবেশের ফরিদপুরের সভাপতি আবুল কাশেম, জেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফরিদপুরে গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক পান্না বালাকে লাঞ্ছিত করেন জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিরাজ ও তাঁর সহযোগীরা।