জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় শীর্ষ আইনজীবীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল আইনজীবী সমাবেশে বক্তৃতা দেন  ড. কামাল হোসেন l ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল আইনজীবী সমাবেশে বক্তৃতা দেন ড. কামাল হোসেন l ছবি: প্রথম আলো

হাইকোর্টের নির্দেশের চার দিন পার হয়ে গেলেও নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শীর্ষ আইনজীবীরা। তাঁরা বলেছেন, সাত খুনের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দেওয়া না হলে দেশের সব আইনজীবী ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবেন৷
চন্দন কুমার সরকারসহ সাত খুনের নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার ও দেশজুড়ে অপহরণ, গুম-খুন বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে গতকাল বুধবার আইনজীবীরা এ ক্ষোভ প্রকাশ করেন। ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘চন্দন কুমার সরকারসহ সাতজনকে হত্যার ঘটনা সারা দেশের ৫৪ হাজার আইনজীবী, সব জেলা আইনজীবী সমিতির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের পুনর্জীবিত করেছে। বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটতে ঘটতে যেন আমাদের গা সওয়া হয়ে গেছে। সভ্য দেশে এটা চলতে দেওয়া যায় না। বেঁচে থাকার অধিকার সংবিধানে উল্লিখিত সবচেয়ে মৌলিক অধিকার, সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি দেশে প্রতিষ্ঠান গড়ে তুলতে। রাজনৈতিক ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। র‌্যাবের ক্রসফায়ার, বাণিজ্য বহুদিন ধরে চলছে। র‌্যাব আজ একটি কিলিং ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, এটা বন্ধ করতে হবে। আমরা এর নিঃশেষ চাই।’

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘২০০৪ সাল থেকেই আমরা (আসক) বলেছি, র‌্যাব একটি খুনে বাহিনীতে পরিণত হতে যাচ্ছে। যখন রাষ্ট্রীয় একটি বাহিনীকে দিয়ে অপরাধ করানো হয়, তখন সেই বাহিনী শৃঙ্খলার সীমানা অতিক্রম করে। তাকে আর শৃঙ্খলায় ফিরিয়ে আনা সম্ভব হয় না।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে র‌্যাবকে তদন্ত ও গ্রেপ্তার থেকে বিরত রাখা উচিত, তারা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া পুলিশকে মন্ত্রণালয়ের বাইরে নিয়ে আনা দরকার, যাতে তাদের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা যায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবাধিকার রক্ষায় সারা দেশের আইনজীবীদের ডাক দিয়ে ঢাকায় সমাবেশ করা হবে, কর্মসূচি ঘোষণা করা হবে। এর নেতৃত্বে থাকবেন ড. কামাল হোসেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, হয় এই মামলার তদন্ত কর্মকর্তারা চাপে আছেন, না হয় তাঁরা সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়েছেন।
জেড আই খান পান্না বলেন, সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তারের সময় অন্তত একজন পোশাকধারী পুলিশ সদস্যকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থাকতে হবে। সন্ধ্যার পর গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে হেফাজত থেকে বের করা
যাবে না। কারণ, ক্রসফায়ারগুলো রাতে ঘটে।
নিহত চন্দন কুমার সরকারের জ্যেষ্ঠ জামাতা ডা. বিজয় কুমার পাল বলেন, ‘আমরা শঙ্কিত। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, জড়িতদের খুঁজে বের করবেন। আমরা তাঁর আশ্বাসে বাঁচতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন রোকনউদ্দিন মাহমুদ, জয়নুল আবেদীন, রফিকুল ইসলাম মিয়া, এ বি এম নুরুল ইসলাম, সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহসিন মিয়া, রাবেয়া ভূঁইয়া, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান প্রমুখ।