হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রী সুমি আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। গতকাল বুধবার দুপুরে উপজেলার মিরপুরে ছাত্র-শিক্ষক-জনতার সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়।শ্রমিকনেতা আসকর আলীর সভাপতিত্বে দুপুর ১২টার দিকে মিরপুর এফএন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ মিয়া, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন, সৈয়দ খলিলুর রহমান, অধ্যক্ষ আবদুর রব প্রমুখ।সমাবেশে মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজ, বাহুবল কলেজ, মিরপুর এফএন উচ্চবিদ্যালয়, মিরপুর বালিকা উচ্চবিদ্যালয়, বাহুবল ডিএনআই উচ্চবিদ্যালয়, মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট স্কুল, নতুন প্রজন্ম একাডেমি, মিরপুর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সহস্রাধিক জনতা অংশ নেয়। সমাবেশ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে প্রায় আধা কিলোমিটারব্যাপী সড়কের দুই পাশে ছাত্র-শিক্ষক-জনতা মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্র-শিক্ষক-জনতা ইভ টিজিং ও নারী নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলের দৃপ্ত শপথ গ্রহণ করে।গত ২১ নভেম্বর স্থানীয় মিরপুর এফএন উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সুমি আক্তারকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে।