
পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান (৬৫) হত্যার পর দুই দিন পেরিয়ে গেলেও এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে একাধিক কারণ বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে নিজ বাড়ির সামনে খানকা শরিফের পাশে খিজির খানের দাফন সম্পন্ন হয়েছে। শেষবারের মতো তাঁকে একনজর দেখতে আসা মুরিদ ও ভক্তরা এ সময় কান্নায় ভেঙে পড়েন। তাঁরা এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বাড্ডা থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়। গতকাল বুধবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
খিজির খানের একাধিক অনুসারী জানান, তাঁর মাহফিলে কখনোই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতো না। তবে ধর্মকে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাদের তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না।
খিজির খানের অনুসারী নূরুস সালাম প্রথম আলোকে বলেন, মাহফিলগুলোতে ওয়াজ মাহফিল কিংবা নামাজে ইমামতি করে অর্থ না নেওয়ার কথা প্রায়ই বলতেন তিনি।
ধর্মীয় মতাদর্শের বিরোধীরা এই হত্যাকাণ্ডে জড়িত এমন ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন খিজির খানের পরিবারের সদস্যরা। তাঁর ছোট ছেলে আশরাফুল ইসলাম বলেন, তাঁর বাবার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফারুকী টেলিভিশনে ধর্মের কথা বলতেন। তাঁর বাবা খিজির খান একেবারে ঘরোয়াভাবে ধর্ম নিয়ে আলোচনা করতেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনার পর আলামত সংগ্রহ করা হয়। এর মধ্যে একটি চাপাতি, নকল চুল ও রক্তমাখা গামছা রয়েছে। তিনি আরও বলেন, পারিবারিক, সম্পত্তি ও ধর্মীয় আদর্শগত বিষয় বিবেচনা করে মামলার তদন্ত চলছে।
খিজির খানের লাশ গতকাল সকালে ঢাকা থেকে কুষ্টিয়ায় ফিলিপনগর গ্রামে এসে পৌঁছায়। বেলা পৌনে ১১টায় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, সাবেক মন্ত্রী কোরবান আলী, সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ, ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।