জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও আট শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্টরিয়াল বডি গতকাল মঙ্গলবার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় তাঁদের আটক করে।
এর আগে ১ মার্চ জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। বারবার এ ঘটনা ঘটার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ধরা যাচ্ছে না বলে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে জানা গেছে, এই আটজনের সাতজনই লিখিত পরীক্ষার বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি অংশে ১৫ নম্বরের মধ্যে ১৫ পেয়েছেন। তাঁদের প্রত্যেকের উত্তরপত্রে সন্দেহজনক সাদৃশ্যও দেখা যায়।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফলের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় তাঁদের বিষয়ে সন্দেহ হয় বিভাগের ভর্তি কমিটির সভাপতির। সন্দেহের ভিত্তিতে গতকাল সাক্ষাৎকারের সময় তাঁদের মুঠোফোনের সেট যাচাই করা হয়। এই সময় তাঁদের মধ্যে ইন্দ্রজিৎ দত্ত নামের এক পরীক্ষার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আসা পরীক্ষার উত্তর পাওয়া যায়।
এই সময় শিক্ষকদের জিজ্ঞাসাবাদে ইন্দ্রজিৎ জানান, দুই লাখ টাকার বিনিময়ে একটি চক্র ভর্তি পরীক্ষার সময় তাঁর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠিয়েছে। পরে শিক্ষকেরা তাঁকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
বিভাগের ভর্তি কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোহামঞ্চদ শাহেদুর রহমান জানান, জালিয়াতির তেমন প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে বাকি সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিভাগে এঁদের ভর্তি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটিকে জানাব। এখনই আমি কিছু বলতে পারছি না।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ইন্দ্রজিৎকে আজ (গতকাল মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হেফাজতে রাখা হবে। অভিভাবকেরা এলে তাঁকে ছাড়া হবে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, এর আগে ১ মার্চ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করে প্রক্টরিয়াল বডি। ওই সময় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন সাবেক প্রক্টর মোহা. মুজিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, প্রশাসনের শিথিলতার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা প্রসঙ্গে প্রক্টর বলেন, ‘ওই সময় একটি প্রশাসন কাজ করছিল আর এখন আমরা কাজ করছি। পরবর্তী সময়ে ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ বিষয়ে আমি অধিকতর তদন্তের জন্য সুপারিশ করব।’