টাঙ্গাইলে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের রিমান্ড শেষে আজ রোববার টাঙ্গাইলের আদালতে হাজির করা হবে। এদিকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার জেলার মধুপুরে মানববন্ধন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, রিমান্ডে অভিযুক্ত মনিরুজ্জামান, এস এম নুরুজ্জামান, শাজাহান আলী ও হারুন অর রশিদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হতে পারে। মেয়েটি যে বিদ্যালয়ে লেখাপড়া, করে সেই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল শেষে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে। বিকেলে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, নিজেরা করি, ব্র্যাক, ভূমিহীন সমিতি মানববন্ধনের আয়োজন করে।মেয়েটিকে গত ৬ ডিসেম্বর মধুপুর উপজেলার বোকারবাইদ গ্রামের একটি বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে তাকে রেললাইনের পাশে ফেলে রাখা হয়।