
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ১৫টি আঞ্চলিক আয়োজন শেষে ঢাকায় জাতীয় জয়োৎসব। প্রায় ১৫০টি প্রকল্প থেকে ১১৫টির উপস্থিতি আর কয়েক শ বিজ্ঞান কুইজ বিজয়ী। গত ২৭-২৮ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হল আর মিলনায়তনজুড়ে ছিল খুদে বিজ্ঞানীদের আনন্দ, উচ্ছ্বাস ও উদ্ভাবনের জয়–জয়কার। দুই দিনের বড় আয়োজন দিয়ে শেষ হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের ২০১৫ সালের আয়োজন। উপস্থিতি আর প্রকল্পের মান দেখে মোটেই মনে হয়নি এটি প্রথম আয়োজন। বিজ্ঞান কুইজ আর প্রকল্পের ৯৯ জন বিজয়ীর বিজয়ানুভূতি ছাড়াও উৎসব শেষে খুদে বিজ্ঞানীদের চোখমুখে ছিল উদ্ভাবনের আনন্দযাত্রায় শামিল হওয়ার আনন্দ। বিজ্ঞানকে জানা এবং বোঝার সংকল্প নিয়ে তারা ফিরে গেছে নিজ নিজ গৃহে।
বিজ্ঞান প্রকল্পে বিজ্ঞান
এক অদ্ভুত কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার জন্য প্রকল্প বানানোর একটা প্রবণতা রয়েছে। অথচ কে না জানে, একটি সত্যিকারের বিজ্ঞান প্রকল্প গড়ে ওঠে দীর্ঘদিনের প্রচেষ্টা ও অধ্যবসায়ে। এ কারণে জয়োৎসবের
শুরু থেকে আমরা বলেছি, বিজ্ঞান প্রকল্পে যেন বিজ্ঞানটাই মুখ্য হয়। কাজটা কঠিন ছিল, বিশেষ করে অনেক প্রতিযোগিতায় যখন বিজ্ঞানের ব্যাপারটাকে সেভাবে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু সারা দেশের ১৫টি অঞ্চলের বিজয়ীরা যখন ঢাকায় এসেছে, তখন তারা আমাদের কথাগুলো মনে রেখেই এসেছে। জয়োৎসবের প্রথম বছরে সবচেয়ে বড় অর্জন সম্ভবত শিক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি হওয়া সত্যিকারের বিজ্ঞান প্রকল্প কেমন হবে। মাপামাপি আর ব্যাখ্যা–বিশ্লেষণের ব্যাপারটাও অনেকে মেনে নিয়েছে। বিশেষ করে বিজ্ঞান মেলার দিনকতক আগে একটা প্রকল্প বানিয়ে আর ল্যাপটপে একটা প্রেজেন্টেশন বানিয়ে যে জয়োৎসবে ভালো করা যাবে না, সেটা আমরা হয়তো অনেকখানি বোঝাতে পেরেছি।

মডেল থেকে ডিসপ্লে বোর্ড
গত চার-পাঁচ বছর বিজ্ঞান প্রকল্প ঘুরে মনে হয়েছে বিজ্ঞান প্রকল্প মানেই সোলা আর বোর্ড দিয়ে বানানো মডেল প্রদর্শনী। জয়োৎসবের শুরুর দিকের আঞ্চলিক উৎসবেও ছিল একই চিত্র। তবে শেষের দিকের আঞ্চলিক উৎসবে মডেলের সংখ্যা কমতে থাকে। জাতীয় উৎসবে সরাসরি মডেল বলতে গেলে ছিলই না।
জাতীয় উৎসবে বেশির ভাগ প্রকল্পেরই একটা ডিসপ্লে বোর্ড ছিল। সব প্রকল্পের ডিসপ্লে বোর্ডে প্রকল্পের খঁুটিনাটি না থাকলেও মোটামুটি গোছানোই ছিল। বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করতে গেলে যে খঁুটিনাটি িবষয় দিয়ে একটা ডিসপ্লে বোর্ড থাকা উচিত, শিক্ষার্থীরা তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আঞ্চলিক উৎসবগুলোয়। মডেল প্রদর্শনী থেকে ডিসপ্লে বোর্ডে বোঝানোর দিকে এগিয়েছে শিক্ষার্থীরা।
শুরু হয়েছে লেগে থাকার অভ্যাস
প্রতিটি মেলায় নতুন নতুন প্রকল্প বানানোর একটা চল আছে এই দেশে। অথচ সত্যিকারের বিজ্ঞান প্রকল্প হওয়া উচিত একটা সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করা, প্রকল্পকে আরও উন্নত করা। সেই সংস্কৃতি্ও সম্ভবত শুরু হয়ে গেছে। আঞ্চলিকে শিক্ষার্থীরা যে প্রকল্প নিয়ে এসেছিল, সেগুলোই তারা নিয়ে এসেছে জাতীয় জয়োৎসবে। মাঝের তিন-চার মাস তারা এটা নিয়ে কাজ করেছে। এক বিজ্ঞানী আঞ্চলিকে দেখিয়েেছ সিঁিড় দিয়ে ওঠানামা করা যাবে এমন ট্রলি। জাতীয়তে সে সেটি বানিয়ে নিয়ে এসেছে। এ জন্য দিনের পর দিন তাকে পুরান ঢাকার ঝালাই কারখানাতে কাজ করতে হয়েছে। গৃহস্থালির পানির আর্সেনিক দূর করার প্রকল্পের খুদে বিজ্ঞানী সেটিকে সম্প্রসারিত করেছে সরবরাহের পানির জন্য! বলা যায়, দীর্ঘসময় ধরে একই বিষয় নিয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি হচ্ছে।
মৌলিক আইডিয়া কম
প্রথম বিজ্ঞান জয়োৎসবে প্রকল্পগুলো দেখে বোঝা গেল শিক্ষার্থীরা খুব বেশি মৌলিক আইডিয়া নিয়ে ভাবে না এবং সেটি অবশ্য আশা করাটা বাতুলতা। তবে বিচারকেরা আশা করেন ইন্টারনেট বা কোনো বই থেকে যেসব প্রকল্প তৈরি হবে, সেগুলোর ব্যাখ্যা–বিশ্লেষণ ছাড়াও যেন নিজের কিছু যোগ থাকে। দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ প্রকল্প কোনো না কোনোখান থেকে নেওয়া। তবে আশার কথা হলো ৩০ শতাংশ প্রকল্প খুদে বিজ্ঞানীরা নিজেদের নিজের মতো করে সেটাকে উন্নত করেছে এবং ১৫ শতাংশ মৌলিক ধারণাও দেখা গেেছ।
আগ্রহ বেশি তথ্যপ্রযুক্তিতে
প্রকল্পের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রকল্প তথ্যপ্রযুক্তির। তারপর আছে ভৌতবিজ্ঞান। কৃষি ও পরিবেশসংক্রান্ত প্রকল্পও আছে কিছু। তবে জীববিজ্ঞান-বিষয়ক প্রকল্প খুবই কম। অথচ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে জীববিজ্ঞান এবং কৃষি ও পরিবেশের প্রকল্পই হওয়া উচিত বেশি। আমাদের পরিবেশের নানা বিষয়েই সুন্দর প্রকল্প হতে পারে। কেউ যদি তার আশপাশের জীববৈচিত্র্য নিয়ে কাজ করত, তা অনেক ভালো একটি প্রকল্প হতে পারত।

বড় দুর্বলতা মাপজোখে
শিক্ষার্থীদের সবচেয়ে বড় দুর্বলতা মাপজোখে। তারা একটি প্রকল্প বানিয়ে এর খঁুটিনাটি হিসাব না করেই চলে আসে প্রদর্শন করতে। অথচ একটু হিসাব করলেই বুঝতে পারত এই প্রকল্প আসলেই প্রদর্শন করা যায় কি না। বিজ্ঞানীরা কাজ করার সময় খুঁটিনাটি সবকিছু লিখে রাখেন নোটবুকে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই অভ্যাসটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। খুব কম প্রকল্পই ছিল, কাজ করার সময় যারা নোটবুক ব্যবহার করেছে। যাদের ছিল, তাদের কাজ ছিল খুবই গোছানো এবং প্রকল্পও ছিল সুন্দর। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রকল্পের আসল অংশের চেয়ে শুরুতে বিশাল একটা ভূমিকা দেওয়ায় আগ্রহ ছিল বেশি। প্রকল্প কী নিয়ে, কীভাবে কাজ করে, ভালো দিক কী, দুর্বল দিক কী—এ নিয়ে বলার আগ্রহ কম। এ দিকগুলোতে অনেক গুরুত্ব দিতে হবে ভবিষ্যতে।
সামনে আরও ভালো হবে
বিজ্ঞান জয়োৎসবের বিচারকার্যে প্রকল্প বিচারের পাশাপাশি প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে এই প্রকল্প আরও উন্নত করা যায়, দুর্বল দিকগুলো কী কী, কোনো কাজে ভুল থাকলে তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সর্বোপরি কীভাবে একটা বিজ্ঞান প্রকল্প করা উচিত তার ধারণা এবং পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রকল্প নিয়েই আরও কাজ করা উচিত নাকি অন্য কোনো সমস্যা নিয়ে কাজ করা উচিত, সে ব্যাপারেও ধারণা দেওয়া হয়েছে। এই কারণে দেখা গেছে, আঞ্চলিক উৎসবের পর আরও কাজ করে জাতীয় উৎসবে এসেছে অর্ধেকের বেশি প্রকল্প। আশা করা যায়, এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো সুন্দর প্রকল্পের দেখা পাওয়া যাবে জয়োৎসবে। আর সেই সব প্রকল্প জয়োৎসবের পরেও খুঁজে পাবে প্রয়োগের ক্ষেত্র।
ইবরাহিম মুদ্দাসসের
এক নজরে জাতীয় বিজ্ঞান জয়োৎসব
জাতীয় বিজ্ঞান জয়োৎসবের স্থান: কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন (কেআইবি), ঢাকা
জয়োৎসবের তারিখ:
২৭-২৮ ডিসেম্বর, ২০১৫
অংশগ্রহণকারী অঞ্চল: ১৫টি
মোট পুরস্কার: ৯৯ জন
স্মরণ: জয়োৎসবের উপদেষ্টা পরিষদের সভাপতি ও জ্যোতির্বিজ্ঞানী এ আর খান
উৎসবের সঙ্গী যারা: প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, কিশোর আলো, মুক্ত আসর, প্রথমা প্রকাশন, তাম্রলিপি, অনুপম, রকমারি ডটকম।
বিশেষ প্রদর্শনী: কলসিন্দুরের অদম্য মেয়েরা
পৃষ্ঠপোষকতায়: দি সিটি ব্যাংক লিমিটেড
আয়োজনে: প্রথম আলো
জাতীয় বিজ্ঞান জয়োৎসবের
ছবি তুলেছেন
সাহাদাত পারভেজ ও হাসান রাজা