জয় আলমগীরের সাজার রায় বহাল
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় আওয়ামী লীগের নেতা ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের ছেলে জয় আলমগীরকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়ে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে জয় আলমগীরের কাছে সম্পদের হিসাব চায় দুদক। কিন্তু তিনি দুদকের নোটিশে সম্পদের হিসাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে পলাতক দেখিয়ে তিন বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
পরে ওই সাজার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন জয় আলমগীরের বাবা মহীউদ্দীন খান আলমগীর। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ জয় আলমগীরের সাজা বাতিল করে তাঁকে খালাস দিয়ে দেন।