জয় পেয়েছে শ্যামল সরওয়ার পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলে জয়ী হয়েছে ছাত্রলীগের শ্যামল-সরওয়ার-অসিউর পরিষদ। এতে শ্যামল মজুমদার সভাপতি, মো. সরওয়ার উদ্দিন সাধারণ সম্পাদক এবং মো. অসিউর রহমান সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন ছাত্রদলের বাবুল-রিফাত-এছলাহ পরিষদ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৮ জন। গতকাল ভোট গ্রহণ হয়েছে ৩৯৯টি। এর মধ্যে সভাপতি পদে ছাত্রলীগের শ্যামল মজুমদার পেয়েছেন ২৩১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. বাবুল মিয়া পান ১৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সরওয়ার উদ্দিন ২৩৪ ও ছাত্রদলের রিফাত হোসেন ১৫৩ ভোট পান। সহসাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের অসিউর রহমান পেয়েছেন ২৩৫ এবং ছাত্রদলের এছলাহ উদ্দিন ১৬০ ভোট।শ্যামল-সরওয়ার পরিষদের অন্য নির্বাচিত প্রার্থীরা হলেন ম্যাগাজিন সম্পাদক মো. মাহমুদুল ইসলাম, বিতর্ক সম্পাদক অভিজিৎ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. সিয়ামুল হক, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, মিলনায়তন সম্পাদক বাবুল বিশ্বাস, নাট্য ও সংস্কৃতি সম্পাদক মুবিনুল হক, মহিলা সম্পাদক পান্না চক্রবর্তী, প্রথম বর্ষের শ্রেণী প্রতিনিধি জাকির হোসেন এবং দ্বিতীয় বর্ষের প্রতিনিধি ফারজানা বেগম।