জয় বাংলা বলতে আমার সমস্যা নেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি অতীতেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিলাম, এখনো আছি। তাই চলুন, আমরা আরেকবার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি।’ এরশাদ বলেন, ‘জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান নয়। জয় বাংলা মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাই জয় বাংলা বলতে আমার কোনো সমস্যা নেই।’ গাজীপুরের টঙ্গী এলাকায় আমজাদ আলী সরকার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী মুক্তিযোদ্ধা মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন। এরশাদ বলেন, ‘আমি মানুষ মারা রাজনীতি করি না। আমি কাউকে মেরে ক্ষমতায় আসতে চাই না। আমি কারও ক্ষতি করিনি। তাই নির্ভয়ে একাই রাস্তায় চলাফেরা করি।’ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম হাবিব, হান্নান চৌধুরী, বাহাউদ্দিন আহাম্মেদ, নাসির উদ্দিন, কাজী আফতাব উদ্দিন প্রমুখ।