জয় বাংলা স্লোগান দিয়ে বাধা, উচ্ছেদ অভিযান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমি উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছেন ৩০-৩৫ জন যুবক। এ সময় ওই যুবকেরা নিজেদের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী পরিচয় দেন। তবে জেলা ছাত্রলীগ ও যুবলীগের দাবি, ওই যুবকদের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে জেলার হুজরাপুর করোনেশন সড়কে রেলওয়ের জমি উদ্ধার করতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় ও সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। অভিযানে চারটি অবৈধ দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। পরে ‘হুজরাপুর স্পোর্টিং ক্লাব’ নামে সাইনবোর্ড টাঙানো আর একটি অবৈধ ঘর ভাঙার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ৩০-৩৫ জন যুবক ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ওই ঘরে অবস্থান নেন। তাঁরা অভিযান পরিচালনাকারীদের বলেন, ‘আমরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে। আমরা এটা ভাঙতে দেব না। এরপর অভিযান বন্ধ করে দেওয়া হয়।’ স্থানীয় ব্যক্তিরা জানান, কয়েক মাস আগেও ওই ক্লাবঘরটি একটি আসবাবের কারখানা হিসেবে ব্যবহূত হতো। কয়েক দিন আগে ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়। ক্লাবের ভেতরে একটি বসার টুল ছাড়া আর কিছু নেই।এ ব্যাপারে রেলওয়ের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অবৈধভাবে নির্মিত ক্লাবঘরে ছাত্রলীগ-যুবলীগ নামধারী যুবকেরা অবস্থান নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা উচ্ছেদ অভিযান বন্ধ করতে বাধ্য হই।’অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘ক্লাবঘরের ওই জমির বৈধ কাগজপত্র দেখাতে ওই যুবকদের সাত দিন সময় দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে আবার অভিযান চালানো হবে।’জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান বলেন, ‘ওই ক্লাবঘর এবং উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া যুবকদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই।’যোগাযোগ করা হলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদাও একই কথা বলেন।