জয়কে হত্যা ষড়যন্ত্র : মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ২৫ এপ্রিল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত আজ সোমবার মাহমুদুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার তদন্তকালে বিভিন্ন তথ্যে জানা গেছে, রিজভী আহমেদ সিজার অর্থের বিনিময়ে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যে তথ্য বাংলাদেশের একজন রাজনৈতিক মিত্রকে দিয়েছিল, তিনি বিএনপি সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমান জড়িত আছেন বলে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ মামলার ঘটনার সঙ্গে দেশে-বিদেশে অনেক আসামির সম্পৃক্ততা রয়েছে। অনেকে অর্থের জোগানদাতা, হুকুমদাতা ও মদদদাতা আছে। এসব জোগানদাতা, হুকুমদাতা ও মদদদাতা ও সহযোগী অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য এ আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন।
মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়ার আবেদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক জালালউদ্দিন।