জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান । ফাইল ছবি
মাহমুদুর রহমান । ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই আদেশ দেন। গত ২৫ এপ্রিল এ মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে হত্যা, অপহরণ ও ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। পরে তাঁকে দুই দফায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।