জয়দেবপুর জংশনে যাত্রীদের রেললাইন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের সময়সূচি ঠিক না রাখায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে গতকাল বৃহস্পতিবার রেললাইন অবরোধ করে তুরাগ ট্রেনের যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়দেবপুর জংশন সূত্রে জানা গেছে, গতকাল জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা (আন্তনগর) ট্রেনটির জয়দেবপুর জংশন অতিক্রম করার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৫ মিনিট। এরপর সকাল ৭টা ২৫ মিনিটে তুরাগ ট্রেনটির জয়দেবপুর জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু পথে দেরি হওয়ায় যমুনা ট্রেনটি জয়দেবপুর জংশনে পৌঁছায় সকাল ৭টা ৩৯ মিনিটে। সময়সূচি ঠিক রেখে যমুনা ট্রেনটি আগে ছাড়তে গেলে তুরাগ ট্রেনের যাত্রীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করে। পরে যমুনা ট্রেনের যাত্রীরাও বিক্ষোভ শুরু করে। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটিও ওই জংশনে এসে আটকা পড়ে। এর ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে রেলওয়ে পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আবদুর রহমান, আরিফ হোসেনসহ তুরাগ ট্রেনের বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কিছুদিন ধরে যমুনা ট্রেনের কারণে জয়দেবপুর জংশন থেকে তুরাগ ট্রেনটি ছাড়তে দেরি হচ্ছে। এর ফলে যথাসময়ে যাত্রীদের অফিসে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের কর্মকর্তা জিয়াউদ্দিন সরদার বলেন, ‘আমরা সিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ার চেষ্টা করি। কিন্তু কোনো ট্রেন যদি পথে দেরি করে সে ক্ষেত্রে সময়সূচি ঠিক রাখতে সমস্যা হয়। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’