জয়দেবপুর থানার এএসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাকে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিসের অনুমতি ছাড়া সিভিল পোশাকে এক প্রতারককে গ্রেপ্তার ও টাকা জব্দ করায় ওই কর্মকর্তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।থানা পুলিশ সূত্র জানায়, এএসআই মাসুদ রানা গত বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আতরী গ্রামের মোতালেব মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়িতে একটি সীমানা পিলার বিক্রির আলোচনা চলছিল। এএসআই মাসুদ তখন সেখান থেকে তিন লাখ ৮৫ হাজার টাকাসহ নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেন। তারপর দ্রুত ওই ব্যক্তিকে থানায় হাজির না করে তাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। এর মধ্যে গাজীপুর ডিবি পুলিশ ঘটনাটি জানাতে পারে। এ অবস্থায় ওই এএসআই সন্ধ্যায় নাজিম উদ্দিনকে জয়দেবপুর থানায় হাজির করে এবং নিজেই বাদী হয়ে একটি মামলা করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এএসআই মাসুদ রানাকে বুধবার রাতেই জেলা পুলিশ সুপার গাজীপুর পুলিশ লাইন থেকে প্রত্যাহার ও গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করেন। অফিসের অনুমতি ছাড়া এবং সিভিল পোশাকে আসামি ধরতে যাওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ওই এএসআই বিধি মোতাবেক কাজ করেননি।