জয়দেবপুর রেল জংশনে পেট্রলবোমা হামলা, আহত ৭


গাজীপুর সদরের জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশনমাস্টারের কক্ষে আজ শুক্রবার সকাল আটটার দিকে চারটি পেট্রলবোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষে থাকা সহকারী স্টেশনমাস্টার সোহরাবসহ সাতজন আহত হয়েছেন।
এ সময় জংশনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করে ওই দুর্বৃত্তরা। তবে রেলওয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাদের ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। ট্রেন দুটি হলো খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ও রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, সকাল আটটার দিকে বেশ কয়েকজন ব্যক্তি সহকারী স্টেশনমাস্টারের কক্ষে পর পর চারটি পেট্রলবোমা ছোড়ে। এতে ওই স্টেশনমাস্টারের কক্ষে আগুন ধরে যায় এবং গোটা স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে গাজীপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি জানান, আগুনে ওই কক্ষে থাকা ট্রেনের প্যানেল বোর্ড ও টেলিফোন-সংযোগ লাইন নষ্ট হয়ে গেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অল্পের জন্য নাশকতার হাত থেকে ট্রেনগুলো রক্ষা পেয়েছে। পেট্রলবোমা হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জয়দেবপুর রেলওয়ে জংশনে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।