জয়দেবপুরে ট্রেনে পাওয়া লাশটি এক মুক্তিযোদ্ধার
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে গত শনিবার সকালে তুরাগ ট্রেন থেকে পাওয়া লাশটি একজন মুক্তিযোদ্ধার। তাঁর নাম রফিজ উদ্দিন (৬৫)। বাড়ি গাজীপুর সদর উপজেলার যোগীতলায়। তিনি সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত (নম্বর ৬৪) দলিললেখক ছিলেন। রফিজ উদ্দিনের শ্যালক নাজিম উদ্দিন সরকার বলেন, সিলেটে মাজারে যাওয়ার উদ্দেশে গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন তাঁর ভগ্নিপতি। শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ হয় এবং শনিবার বাসায় ফিরবেন বলে জানান। শনিবার সকালে মেয়ে রোজি তাঁর বাবার মুঠোফোনে কল দিলেও কেউ ধরেননি। বিষয়টি তিনি স্বজনদের জানান এবং খোঁজখবর নিতে শুরু করেন। অবশেষে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁরা রফিজ উদ্দিনের লাশ শনাক্ত করেন। পরে রাত দুইটার দিকে তাঁর লাশ গাজীপুরের বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। নাজিম উদ্দিন আরও বলেন, ‘রফিজ উদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ, মুঠোফোন, টাকা ও মুক্তিযোদ্ধা সনদসহ অন্য কাগজপত্র খোয়া গেছে। রফিজ উদ্দিনের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।’ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুর ইসলামের উপস্থিতিতে গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে যোগীতলায় রাষ্ট্রীয় মর্যাদায় রফিজ উদ্দিনের মরদেহ দাফন করা হয়।