জয়দেবপুরে বুয়েটের চার ছাত্র ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে জয়দেবপুরে গত বুধবার রাতে রেলওয়ের ঠিকাদারের কর্মীদের ছুরিকাঘাতে নৌবাহিনীর এক কর্মকর্তাসহ বুয়েটের চার ছাত্র আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনে পানি দেওয়ার সময় এক শিক্ষার্থীর গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নৌবাহিনীর আহত কর্মকর্তা লে. কমান্ডার গোলাম কিবরিয়াকে (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং আহত অপর তিনজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশলের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন (২২), মিশু বিশ্বাস (২২) ও আওরঙ্গজেবকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানা সূত্র জানায়, ছুরিকাঘাতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে জয়দেবপুর রেলস্টেশন থেকে আতিকুর রহমান (২৩), ইব্রাহিম (১৮) ও সোহেলকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁরা রেলওয়ের ঠিকাদারের কর্মী। রেলওয়ে থানা সূত্র ও হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা জানান, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশলের ২৭ শিক্ষার্থী ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে ট্রেনে করে খুলনা শিপইয়ার্ডের উদ্দেশে রওনা দেন। তাঁরা নৌবাহিনীর জাহাজে ২১ দিনের বাস্তব প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। এ দলটির নেতৃত্বে ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার ও ওই বিভাগের ছাত্র গোলাম কিবরিয়া। তাঁদের বগিটি ছিল ইঞ্জিনের লাগোয়া। ট্রেনটি যাত্রী ওঠাতে ও ইঞ্জিনে পানি দিতে রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থামে। রেলওয়ের ঠিকাদারের কর্মীরা প্লাটফর্মে দাঁড়িয়ে পাইপ দিয়ে ইঞ্জিনে পানি দিতে থাকেন। এ সময় ইঞ্জিনের লাগোয়া বগির দরজায় দাঁড়ানো বুয়েটের এক শিক্ষার্থীর গায়েও এক কর্মী পানি ছিটিয়ে দেন। ওই ছাত্র এর প্রতিবাদ করলে আবারও পানি ছিটানো হয়। এতে তিনি ট্রেন থেকে নেমে ওই কর্মীদের দিকে এগিয়ে গেলে তাঁরা তাঁকে ধাক্কা দেন। একপর্যায়ে ওইসব কর্মী ও বহিরাগত ব্যক্তিরা একত্র হয়ে ওই ছাত্রকে পেটায়। তাঁকে রক্ষা করতে গোলাম কিবরিয়া, আওরঙ্গ, মামুন ও মিশু বিশ্বাস এগিয়ে গেলে তাঁদের এলোপাতাড়ি পেটানো এবং ছুরিকাঘাত করা হয়। এ সময় ট্রেন ছাড়ার সংকেত দিলে সহপাঠীরা আহতদের ট্রেনে তুলে নেন। রাত নয়টার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনে পৌঁছালে আহত চারজনকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ কুমুদিনী হাসপাতালে যায়।