তারুণ্যের উৎসবের রেশ কাটতে না কাটতে আবারও ক্যাম্পাসজুড়ে উৎসব। এক মাসে পরপর দুটি সাংস্কৃতিক উৎসব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) যেন উৎসবের ক্যাম্পাসে পরিণত করেছিল। এবারের উৎসবেও যোগ দিয়েছে ৪০টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী। দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি।
২০ মার্চ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসব। এরপর চুয়েটের একদল শিক্ষার্থী পরিবেশন করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের গানের সঙ্গে ফ্ল্যাশ মব নাচ। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মানজারে খোরশেদ আলম ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল নাটক, মূকাভিনয়, অলোকচিত্র প্রদর্শনী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে চুয়েটের শিক্ষার্থীদের পরিবেশনায় কবর নাটকের মঞ্চায়ন সবার নজর কাড়ে। ২১ মার্চ দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ও নৃত্য উৎসব।
২২ মার্চ শনিবার সমাপনী দিনে শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন অভিনেত্রী ও স্থপতি অপি করিম। বিকেল চারটায় অপি করিমের উপস্থিতিতেই সবাই উপভোগ করেন তাঁর অভিনীত নাটক পুরাঘটিত বর্তমান। নাটক শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি।
সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ধারণা প্রতিযোগিতা, নাটক ও জয়ধ্বনির সাংস্কৃতিক পরিবেশনা ছিল সমাপনী দিনের বিশেষ আকর্ষণ। সন্ধ্যায় তিন দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোকচিত্র প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মুরাদের হোলি উৎসব আলোকচিত্রটি সেরা নির্বাচিত হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় বুয়েটের নেগেটিভ অলটিচিউড পরিচালিত আবার ফাল্গুন চলচ্চিত্রটি। পুরস্কার বিতরণ শেষে জয়ধ্বনির সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।