জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে আরও চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বগুড়া, রংপুর, নোয়াখালী ও পাবনায় মানহানির মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হয়েছে অভিযোগে গতকাল বৃহস্পতিবার এসব মামলা করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার। আদালত জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে সমন জারি করে আগামী ৪ মে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।রংপুর: রংপুরেও ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। মামলার বাদী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাসেম বিন জুম্মন। রংপুরের বিচারিক হাকিম আগামী ১৯ এপ্রিল আসামিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।পাবনা: জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ এ মামলা করেন। পাবনার আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২১ জুন জয়নাল আবদিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।নোয়াখালী: নোয়াখালীর ৩ নম্বর বিচারিক হাকিমের আমলি আদালতে বেগমগঞ্জের চৌমুহনী আওয়ামী লীগের নেতা ছায়েদুল হক মামলা করেন। আদালত আসামিকে আগামী ২৬ এপ্রিল আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন।মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, ১২ মার্চ জয়নাল আবদিন ফারুক এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন। বাদীদের দাবি, এ অভিযোগ মিথ্যা। এতে জয় ও আওয়ামী লীগের সম্মানহানি হয়েছে।