জয়নাল আবদিনসহ ফ্রিডম পার্টির ২২ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল থানার একটি অস্ত্র মামলায় ফ্রিডম পার্টির নেতা মেজর (অব.) জয়নাল আবদিনসহ ২২ জনকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল সোমবার এ মামলার রায় ঘোষণা করেন। ১৯৯০ সালে এ মামলাটি হয়েছিল।রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামি জয়নাল আবদিনকে আদালতে হাজির করা হয়। বাকি ২১ আসামিই জামিন নিয়ে পলাতক আছেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় বজলুল হুদার ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন আবদুর রশিদ, জাহিদ মিয়া, এরফানুর রহমান, এস এম পলাশ, শওকত উদ্দিন চৌধুরী, সোলায়মান, ওমর ফারুক, লিংকন, রেজাউল ইসলাম খান, জালাল, ফারুক আহমেদ, আকবর হোসেন, হিরা আহমেদ, রহিম আহমদ, গোলাম রব, শামছুল ইসলাম, শামীম হোসেন, আসলাম, আবুল হোসেন, এপোলো ও শিশির চৌধুরী।অবৈধভাবে চাপাতি, চায়নিজ কুড়াল রাখার দায়ে আসামিদের প্রত্যেককে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারায় সাত বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। জয়নাল আবদিনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এ ছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের বরাবরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, তার লাইসেন্স থাকায় আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় অভিযোগ আমলে নেননি। আসামিদের বিরুদ্ধে ১৯(চ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের কারাদণ্ড দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে তাঁদের বিরুদ্ধে রায় কার্যকর হবে।আদালত সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি আসামিরা ময়মনসিংহের পূরবী প্রেক্ষাগৃহের কাছে জনৈক খেচু মিয়ার দোকানের সামনে ফ্রিডম পার্টির কার্যালয়ে অবস্থান নেন। স্থানীয় জনতা এ সময় সেখানে ভিড় করলে আসামিরা গুলি ছোড়েন। এতে হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মারা যান। এরপর আসামিরা মাইক্রোবাসে করে পালানোর সময় ত্রিশাল থানার পুলিশ বজলুল হুদা, জয়নাল আবদিনসহ ২৩ জনকে আটক করে। ওই মাইক্রোবাস থেকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও চায়নিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ত্রিশাল থানার পুলিশ অস্ত্র আইনে ২৩ জনের বিরুদ্ধে মামলা করে।এ ছাড়া নিহত হারুনের নিকটাত্মীয় মোশারফ হোসেন বাদী হয়ে বজলুল হুদাসহ ২৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন। এ মামলার অপর আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদও রয়েছেন।