বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা ১৫টি মানহানি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার মামলা বাতিল চেয়ে ফারুকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি মামলাগুলো কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আদালতে জয়নাল আবদিনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম বদরুদ্দোজা মামলা পরিচালনা করেন। এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, মানহানির ১৬টি মামলার মধ্যে ১৫টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করা হয়েছে।জানা যায়, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন’—গত ১২ মার্চ জয়নাল আবদিন এমন মন্তব্য করেন। এ ঘটনায় মানহানির অভিযোগে জয়নাল আবদিনের বিরুদ্ধে ঢাকায় দুটি, চট্টগ্রামে দুটি এবং শরীয়তপুর, রংপুর, বগুড়া, নোয়াখালী, নীলফামারী, সিলেট, পাবনা, বরিশাল, খুলনা, নড়াইল, মাগুরা ও পঞ্চগড়ে পৃথক ১৬টি মামলা হয়। এর মধ্যে ২৪ মার্চ ঢাকায় নিম্ন আদালতে করা মামলাটি ছাড়া বাকি ১৫টি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেন।