জয়নাল আবেদিনের জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ প্রকাশ
মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিনের জীবন ও কর্মের সামগ্রিক দিক তুলে ধরে গ্রন্থ প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে জয়নাল আবেদিনের মানবতার পাঠশালা নামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন সরকারি কর্মকর্তা হরিদাস ঠাকুর। ময়মনসিংহ সদর উপজেলার টান হাসদিয়া গ্রামে জয়নাল আবেদিনের প্রতিষ্ঠিত মমতাজ হাসপাতাল ও টান হাসদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বইটির পরিচিতি অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক হরিদাস ঠাকুর, স্থানীয় শিক্ষক আবদুল মান্নান সরকার, কৃষি কর্মকর্তা বিজয় কুমার বিশ্বাস, কবি স্বাধীন চৌধুরীসহ অনেকে। একই মঞ্চে গতকাল জয়নাল আবেদিনের প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।১৩৬ পৃষ্ঠার বইটিতে লেখক তুলে ধরেছেন জয়নাল আবেদিনের সংগ্রামী জীবনের নানা দিক। পাশাপাশি রয়েছে প্রথম আলোসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষ। বইটি লেখার কারণ সম্পর্কে লেখক হরিদাস ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘জয়নাল আবেদিন আমার জীবনে উজ্জ্বল বাতিঘর। তিনি রিকশা চালিয়ে টাকা জমিয়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসাসেবা দিয়ে যে নজির সৃষ্টি করেছেন, তা আমার চেতনাকে আন্দোলিত করে। তাই এ মানুষটিকে নিয়ে কিছু একটা করার দায়বদ্ধতা থেকেই গ্রন্থটি প্রকাশ করলাম।’