জয়নাল আবেদীনের হাসপাতালের জন্য আট টন চাল বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সদর উপজেলার টানহাসাদিয়া গ্রামের রিকশাচালক মো. জয়নাল আবেদীনের মমতাজ হাসপাতালের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য আট টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।গত ১৩ ডিসেম্বর স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির হাসপাতাল পরিদর্শন করার পর এই বরাদ্দ দেওয়া হয় বলে জানান জয়নাল আবেদীন। এ ছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া জয়নাল আবেদীনের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত টানহাসাদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পাঁচ টন চাল বরাদ্দ দিয়েছেন।২০১১ সালের ২ জুলাই ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সারা দেশে বিষয়টি বেশ আলোচিত হয়। বর্তমানে জয়নাল আবেদীন হাসপাতাল ছাড়াও একটি স্কুল ও প্রতিবন্ধীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। আট শয্যার হাসপাতালে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত লোকজন চিকিৎসা সেবা নিতে আসে। নিয়মিত একজন চিকিৎসক ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক মাসে চার দিন বিনা মূল্যে চিকিৎসা দেন।জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, অনেকেই তাঁর হাসপাতাল ও স্কুলের জন্য সাহায্য করলেও পুরো ব্যয় মেটাতে নিজের গরুর দুধ ও সবজি বিক্রির টাকা হাসপাতাল পরিচালনার জন্য ব্যয় করতে হচ্ছে।