জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারীকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলাটি নতুন করে শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। জয়নাল হাজারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
আদেশের পর খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাজারীকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা বাতিল করেছেন। হাইকোর্টে জয়নাল হাজারীর করা আপিল আবার শুনানির জন্য আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২ অক্টোবর ফেনী থানায় জয়নাল হাজারীর বিরুদ্ধে মামলাটি করে দুদক। এতে অভিযোগ করা হয়, তাঁর কাছে ঘোষিত আয়ের বাইরে প্রায় সোয়া এক কোটি টাকার সম্পদ রয়েছে। ২০০৮ সালের ২৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত হাজারীকে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে হাজারীর কাছ থেকে এক কোটি টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
পরে নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজারী। ২০১১ সালের ৫ ডিসেম্বর হাইকোর্ট তাঁর আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের রায় বাতিল করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১২ সালের ১৪ এপ্রিল দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করে। গতকাল তা নিষ্পত্তি করলেন আপিল বিভাগ।