জয়নাল হাজারীর খালাসের রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নাল হাজারী। ফাইল ছবি
জয়নাল হাজারী। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে দেওয়া হাইকোর্টের খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে এই মামলা হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশও দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২ অক্টোবর ফেনী থানায় জয়নাল হাজারীর বিরুদ্ধে প্রায় সোয়া এক কোটি টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জনের অভিযোগে মামলা করা হয়। ২০০৮ সালের ২৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত জয়নাল হাজারীকে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের সাজা দেন। এ ছাড়া তাঁর এক কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জয়নাল হাজারী। ২০১১ সালে হাইকোর্ট জয়নাল হাজারীকে খালাস দেন। ২০১২ সালের ১৪ এপ্রিল দুদক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দেন।