জয়নুল আবদিনকে মারধরের অভিযোগে করা মামলা খারিজ
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক গতকাল সোমবার এ আদেশ দেন।লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান বাদী হয়ে গত বছর ১০ জুলাই আদালতে নালিশি এ মামলাটি করেছিলেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার বিপ্লব সরকার এবং অজ্ঞাতনামা আরও ৩০ পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।আদালত সূত্র জানায়, ওই ঘটনার তদন্ত শেষে পুলিশ সম্প্রতি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরতাল চলাকালে সাংসদ জয়নুল আবদিন ও সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা আসিফা আশরাফি উসকানিমূলক আচরণ করেন। তখন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটে। নালিশি অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আদালত গতকাল এই প্রতিবেদন গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় নালিশি আবেদনটি খারিজ করে দেন।মামলায় অভিযোগ করা হয়েছিল, গত বছর ৬ জুলাই ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় ২২ জন সাংসদ পদযাত্রা করেন। এ সময় পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নেতৃত্বে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ঘিরে রাখা হয়। সাংসদেরা এর প্রতিবাদ করলে আসামিরা জয়নুল আবদিনের হাতে থাকা স্ক্র্যাপ ব্যান্ডেজ টেনে-হিঁচড়ে খুলে ফেলে এবং কিল-ঘুষি মারে। একপর্যায়ে তাঁকে বেধড়ক লাঠিপেটা করা হয়। হারুন লাঠি দিয়ে জয়নুল আবদিনকে হত্যার উদ্দেশে মাথার বাঁ পাশে গুরুতর আঘাত করেন। একপর্যায়ে তিনি ন্যাম ভবনে আশ্রয় নিলে সেখান থেকে তাঁকে টেনে-হিঁচড়ে রাস্তায় এনে গুলি করার হুমকি দেওয়া হয়।একই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনার দিন (৬ জুলাই) শেরেবাংলা নগর থানায় জয়নুল আবদিনের বিরুদ্ধে পুলিশের করা মামলাটি তদন্তাধীন।