জয়নুল আবদিনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন মডেল থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ তাঁর ছয় মাসের জামিন মঞ্জুর করেন।গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১২ মার্চ পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১৭ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জয়নুল আবদিনের জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ছয় মাসের জামিন মঞ্জুর করেন। দ্বিমত পোষণ করে অপর বিচারপতি রুল দেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। শুনানি শেষে আদালত জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে একমত হয়ে আদেশ দেন।আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা। এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় তিনি ১৭ এপ্রিল জামিন পান। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত বাধা রইল না।