জয়নুল আবদিনের ১০ কোটি টাকার মানহানি মামলা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন। বিচারক শাহরিয়ার কবির ৩০ অক্টোবর মামলাটির গ্রহণযোগ্যতার ওপর শুনানির দিন ধার্য করেছেন।মামলার ছয়জন বিবাদী হলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ওবায়দুল হক, সহকারী পুলিশ কমিশনার বিপ্লব সরকার ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ। মামলায় সামাজিকভাবে অপমাণিত ও সম্মানহানি হওয়ার কারণে পাঁচ কোটি, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার জন্য তিন কোটি, পুলিশের মিথ্যা প্রতিবেদন দেওয়ার জন্য এক কোটি ৮০ লাখ ও চিকিৎসাবাবদ ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।গত বছরের ৬ জুলাই হরতালের মধ্যে সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় ২২ জন সাংসদ ‘পদযাত্রা’ করেন। মামলায় অভিযোগ করা হয়, এ সময় পুলিশের কর্মকর্তা হারুন লাঠি দিয়ে জয়নুল আবদিনকে ‘হত্যার উদ্দেশ্যে’ মাথায় গুরুতর আঘাত করেন। একপর্যায়ে তিনি ন্যাম ভবনে আশ্রয় নিলে তাঁকে সেখান থেকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে গুলি করার হুমকি দেওয়া হয়।