জয়নুল আবেদীন-খোকনসহ ৩৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপি নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ ৩৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আজ বুধবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আগামী ২৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
বুধবার এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে জয়নুল আবেদীনসহ ৩৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, শিমুল বিশ্বাস, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মারুফ কামাল খান, শিরিন সুলতানা প্রমুখ।
মাহবুব উদ্দিন খোকন আর খন্দকার মাহবুব উদ্দিন খোকন এক ব্যক্তি কি না, জানতে চাইলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে খন্দকার মাহবুব উদ্দিন খোকন বলা হয়েছে। তবে অভিযোগপত্রে মাহবুব উদ্দিনের বাবার নাম-ঠিকানা আছে। এটা মুদ্রণজনিত ভুল।
এ বিষয়ে জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, শুনেছি খন্দকার মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। পুলিশ আমাকে চেনে, নাম জানে না এটা অবিশ্বাস্য। তাহলে কী তদন্ত করলেন।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৭ এপ্রিল পল্টন থানার এ মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, এম কে আনোয়ার, আমানউল্লাহ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় অভিযোগপত্রভুক্ত জয়নুল আবেদীনসহ কয়েকজন জামিনে ছিলেন। দুজন কারাগারে আটক আছেন। বাকি ৩০ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
তাপস কুমার পাল জানান, জামিনে থাকা নয়জনের পক্ষে আইনগত পদক্ষেপ না থাকায় আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাকি ৩০ জন শুরু থেকেই পলাতক। আদালত বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগপত্র আমলে নিয়েছেন।
মামলা
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় পল্টন থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ওই পেট্রলবোমা বিস্ফোরণে কয়েকজন হতাহত হন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে বিএনপির ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা করেন। ২০১৭ সালের ২৭ এপ্রিল পল্টন থানার উপপরিদর্শক (এসআই) দেবী কান্ত বর্মণ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।