জয়নুল উৎসবে মুখর চারুকলা চত্বর
আকাশে কুয়াশার আঁচল বিছানো। পাখপাখালির ঘুম ভাঙলেও শিশিরভেজা গাছপালার পাতায় রোদের ছোঁয়া লাগেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সাজ-সাজ রব। উৎসবের আমেজে সরগরম হয়ে আছে অনুষদের প্রতিটি বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কারুশিল্পীরা দোকান সাজাতে ব্যস্ত। অনুষদের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন এতে। বকুলতলায় এমন সময় শোনা গেল ঢোলের বাদ্য। এক-দুই করে সেই গাছতলায় এসে উপস্থিত হতে শুরু করলেন শিক্ষার্থী, শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। গতকাল বুধবার চারুকলা অনুষদের জয়নুল উৎসবের শুরু হয়েছিল এভাবেই। গতকাল ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৬তম জন্মবার্ষিকী। সে উপলক্ষেই এ উৎসব। এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে জয়নুল উৎসব।সকালে যাঁরা অনুষদের চত্বরে এসেছিলেন, তাঁদের কেউ শিল্পাচার্য জয়নুল আবেদিনের সরাসরি ছাত্র, কেউ ছাত্রের ছাত্র। এসব শিষ্য-প্রশিষ্যরা মিলে দিনভর উৎসব করে পালন করলেন গুরুর জন্মদিন। সকাল সাড়ে নয়টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই মূলত উৎসবের কার্যক্রম শুরু হয়েছিল। এর পরই অঙ্কন, চিত্রণ এবং ছাপচিত্র বিভাগের বারান্দায় তৈরি করা স্টলগুলোতে শিল্প ও কারুপণ্যের সামগ্রী সাজিয়ে ফেলেন শিক্ষার্থীরা। ওদিকে মাঠের একপাশে ছিল আমন্ত্রিত ব্যক্তিদের জন্য লুচি-সবজির সহযোগে প্রাতরাশের বন্দোবস্ত। বকুলতলায় অনুষ্ঠানের মঞ্চে চলছিল যন্ত্রসংগীত।এবারের উৎসবে চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাপানের মুসাশিনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নারিকো ইয়ানাগি সাওয়া ও বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়াকে জয়নুল আবেদিন সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। মঞ্চে ঢাক বাজিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী। প্রধান অতিথি নারিকো ইয়ানাগি সাওয়ার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। শিল্পী মোহাম্মদ কিবরিয়া অসুস্থ। তাঁর পক্ষে শিল্পী আবুল বার্ক আলভী সম্মাননা গ্রহণ করেন।চারুকলা অনুষদের শিক্ষক নিসার হোসেন আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ১৯৪৯ সালে এক বৈরী পরিবেশে শিল্পাচার্য কয়েকজন সহযোগী নিয়ে যে ক্ষুদ্রাকারের আর্ট কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, আজ তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরিণত। তাঁর অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯ ডিসেম্বর তাঁর জন্মদিনে জয়নুল উৎসব পালিত হচ্ছে। প্রধান অতিথি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন শুধু আমাদের দেশের প্রাতিষ্ঠানিক চারুকলা-চর্চার পথিকৃৎই ছিলেন না, তিনি সারা দেশে শিল্পরুচি গড়ে তোলা ও লোকশিল্পের বিকাশেও বিশেষ ভূমিকা রেখেছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেগম জাহানারা আবেদিন ও উৎসবের আহ্বায়ক শিল্পী সৈয়দ আবুল বার্ক আলভী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক নিসার হোসেন। সামান্য বিরতি দিয়ে বকুলতলায় জমে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলদের গানের আসর।চারুকলার ছাত্রছাত্রী, শিল্পী ও সাধারণ দর্শকের উপস্থিতিতে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। মেলার স্টলগুলোতে ছিল বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম ছাড়াও দিনাজপুর, রাজশাহী, মানিকগঞ্জ থেকে আসা কারুশিল্পীদের পণ্যসামগ্রী।কদিন পরই খ্রিষ্টীয় নববর্ষ। তাই কাজের ক্ষেত্রে বর্ষবরণের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছেন শিক্ষার্থীরা। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে করা তাঁদের নানা কাজের মধ্যে ছিল বিভিন্ন রকমের নববর্ষের শুভেচ্ছা কার্ড, দেয়ালিকা, দিনপঞ্জি, ডায়েরি প্রভৃতি। অনুষদের প্রতিটি বিভাগ তাদের স্টলের মধ্য দিয়ে নিজেদের পরিচিতি উপস্থাপন করেছে। ভাস্কর্য বিভাগের উপস্থাপনায় ছোট-বড় নানা আকৃতির ভাস্কর্য ও মুখোশ রয়েছে।মৃৎশিল্প বিভাগের উপস্থাপনায় লক্ষণীয় ঐতিহ্যের ছোঁয়া। বাংলার পুতুলের ধারাবাহিকতায় রয়েছে টেপা পুতুল, রকমারি মৃৎগহনা, ছোট-বড় নানা ধরনের পাত্র। এসব পাত্রের ওপর দেখা যায় সূক্ষ্ম হাতে করা হাতি, ঘোড়া বা পেঁচার নকশা।মেলার পাশাপাশি বকুলতলায় চলছিল গান। বিকেলে বিপুল দর্শকসমাগম হয়েছিল জয়নুল মেলায়। চারুকলা অনুষদের প্রাঙ্গণজুড়ে এ মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।