জয়নুলের ছবি বিদেশি জাদুঘরে দেওয়ার কথা ভাবছেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে ময়নুল আবেদিন। শিল্পাচার্যের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বাবার অনেক চিত্রকর্মই আমাদের কাছে আছে। কিন্তু সেগুলো এ দেশে আদৌ সংরক্ষণ করা সম্ভব কি না, সে বিষয়ে সন্দিহান। সে জন্যই ভাবি, বাবার ছবিগুলো কোনো বিদেশি জাদুঘরে দিয়ে দেব, যাতে ছবিগুলো ভালো থাকে।’

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করে স্মৃতিচারণা আর আলোচনা সভা। অনুষদের লেকচার থিয়েটারে আয়োজিত এ সভায় অধ্যাপক বুলবন ওসমানের সভাপতিত্বে মূল আলোচক ছিলেন শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ। আরও কথা বলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও অধ্যাপক মিজানুর রহিম।

মইনুদ্দীন খালেদ কথা বলেন শিল্পাচার্যের কাজ নিয়ে। তিনি বলেন, ‘জয়নুল আবেদিন কালের সারথি। তিনি কখনো কালকে উপেক্ষা করেননি। তার ক্যানভাসে বারবার গ্রামবাংলার প্রকৃতি, দুর্ভিক্ষ উঠে এসেছে। অনেকেই দুর্ভিক্ষের কথা জানেন তাঁর ছবির মধ্য দিয়ে। এর চেয়ে বড় পাওয়া একজন শিল্পীর জন্য আর হতে পারে না। ইতিহাস তাঁর শিল্পের মাঝে পরিচিতি লাভ করেছে। তিনি সময়কে সর্বদাই ধরে রেখেছিলেন তাঁর কর্মে।’

মইনুদ্দীন খালেদ আরও বলেন, ‘যদি জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি হারিয়ে বা নষ্ট হয়ে যায়, তাহলে ইতিহাস শেষ হয়ে যাবে। কারণ, এর চেয়ে বড় ইতিহাস এই অঙ্গনে নেই। প্রজন্ম থেকে প্রজন্ম তাঁর ছবি দেখে দুর্ভিক্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারে।’

অধ্যাপক মিজানুর রহিম বলেন, ‘জয়নুল আবেদিন একজন শিল্পী ও মানুষ হিসেবে খুবই কাছাকাছি। তিনি বড় মাপের শিল্পী যেমন ছিলেন, তেমনি ছিলেন বড় মাপের মানুষ এবং বড় মাপের বাঙালি।’

অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘শিল্পকলার সব ধারার সঙ্গে শিল্পাচার্যের সম্পৃক্ততা রয়েছে। তিনি শিল্পকলা নিয়ে সব সময় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু সে সব বিষয়ে আমরা ঠিকমতো নজর দিতে পারিনি। ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর কর্ম নিয়ে অধিক কাজ করতে হবে। তিনি অনেক কঠিন পথ পাড়ি দিয়ে দেশের চারুশিল্পকে আজকের পর্যায়ে এনেছেন। কিন্তু তাঁর সব স্বপ্ন পূরণ হয়নি। সে স্বপ্নপূরণে আমাদের কাজ করতে হবে।’

অধ্যাপক বুলবন ওসমান বলেন, ‘জয়নুল আবেদিন আমার বাবার (কথাশিল্পী শওকত ওসমান) বন্ধু ছিলেন এবং আমার শিক্ষক ছিলেন। আমি সব সময় ওনার মুখ থেকে ময়মনসিংহের ভাষা শুনেছি। তাঁর মতো করে বলার চেষ্টা করতাম, কিন্তু সেটি কখনোই হতো না। ময়মনসিংহের ভাষা তাঁর মুখ থেকেই সবচেয়ে ভালো শোনাত। তিনি কলকাতাতেও চলিত বাংলায় কথা না বলে নিজের ভাষায় কথা বলতেন। এটাই ছিল স্বাতন্ত্র্যবোধ, যা তাঁর চিত্রকর্মেও সব সময় উঠে এসেছে।’

আলোচনা অনুষ্ঠানের আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জয়নুল আবেদিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, চারুকলা অনুষদ, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, ছাপচিত্র বিভাগ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ এবং শিল্পকলার ইতিহাস বিভাগ, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর, চারুশিল্পী সংসদ, চারুকলা শিক্ষক পরিষদসহ চারুশিল্পের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।