জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় গতকাল জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয় l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় গতকাল জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয় l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং রেলস্টেশন এলাকায় গতকাল রোববার সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাঘাচং স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ন্তিকা এক্সপ্রেস গতকাল বেলা সোয়া দুইটার দিকে পাঘাচং রেলস্টেশন অতিক্রম করার পরপরই পেছনের দিকের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তিনটি বগি কাত হয়ে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। তাঁরা স্থানীয় চানপুর বাজারে প্রাথমিক চিকিৎসা নেন। ট্রেনটি প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে পাঁচটি বগি নিয়ে ঢাকার পথে ছেড়ে যায়।
এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামগামী সুবর্ণ একপ্রেস ও সিলেটগামী সুরমা মেইল ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। দুর্ভোগে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।
পাঘাচং স্টেশনমাস্টার মোস্তফা মিয়া প্রথম আলোকে জানান, ট্রেনের ১১টি বগির মধ্যে পেছনের দিকের ছয়টি বগি লাইনচ্যুত হয়। রেললাইনে ত্রুটির থাকার কারণে এমনটি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দলের দলনেতা আখাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মহসীন উদ্দিন ভূইয়া বলেন, রাত ১০টার মধ্যে তিনি লাইনচ্যুত বগি উদ্ধার করতে পারবেন। তারপর রেললাইন মেরামত শেষে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক জানান, দুর্ঘটনা নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে।
মালবাহী ট্রেন লাইনচ্যুত: ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, গতকাল পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে খুলনাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনার কারণে যাত্রীবাহী ট্রেনের যাতায়াতে কোনো সমস্যা হয়নি। বিকেল চারটার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলের একজন কর্মকর্তা জানান, ঈশ্বরদী জংশন ইয়ার্ডে রেললাইন সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ওই লাইনে নতুন পয়েন্ট ও যন্ত্রাংশ লাগানো হয়েছে। এতে ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঈশ্বরদী স্টেশনের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, লাইনের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।