জয়ন্তী সরকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন
ফরিদপুর শহরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জয়ন্তী সরকারের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে গতকাল শনিবার বিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টায় ওই মানববন্ধন হয়। এ সময় জয়ন্তী সরকারের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ অপরেশ রায়, পরিচালকমণ্ডলীর সদস্য অনিমেষ রায় প্রমুখ। মানববন্ধনে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের গোয়ালচামট ও ঝিলটুলি শাখার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
জয়ন্তী সরকার প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার স্ত্রী ছিলেন। ১ আগস্ট সকালে শহরের ঝিলটুলি অম্বিকা শহরের নিজ বাসা থেকে জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। ওই দিন রাতে জয়ন্তী সরকারের বড় ভাই মনোজ সরকার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এতে সাংবাদিক পান্না বালাসহ তাঁর বৃদ্ধ মা ও ছোট বোনকেও আসামি করা হয়। ওই রাতেই পান্না বালাকে পুলিশ গ্রেপ্তার করে।
পান্না বালার আইনজীবী উৎপল মুখার্জি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ রানার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পান্না বালার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রিমান্ড শেষ হয়।