জয়পুরহাট, টাঙ্গাইলে শিশু ও স্কুলছাত্র উদ্ধার
ঢাকা থেকে অপহূত দেড় বছরের শিশু সুমাইয়া আকতারকে গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা গ্রাম থেকে অপহূত স্কুলছাত্র তুহিনকে (১৬) গতকাল বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের কলেজ মোড় এলাকার বংশাই গেস্টহাউস থেকে উদ্ধার করেছে পুলিশ।জয়পুরহাট র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মুঠোফোনের সেট, পাঁচটি সিমকার্ড ও ১০০ টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাকিব (২১) ও শাহেদ আলী (২৮)। সাকিব আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদার ছেলে।সুমাইয়া আকতারের বাবা জিয়াউল হক ও মা লাকি আকতার জানান, ৩০ এপ্রিল বেলা তিনটার দিকে ঢাকার যাত্রাবাড়ীর মোমিনবাগের কোনাপাড়া এলাকা থেকে সুমাইয়াকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মুঠোফোনে এক লাখ ২০ টাকা মুক্তিপণ দাবি করে। ঢাকায় র্যাব-১০-এর কার্যালয়ে বিষয়টি জানালে তাদের সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অভিযান চালায়। সুমাইয়ার বাবা জিয়াউল হক গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল তাইড় গ্রামের বাসিন্দা। তিনি আদমজী ইপিজেডের একটি কারখানায় কাজ করেন। জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আলমগীর হোসেন জানান, শিশুটির বাবা জিয়াউল হক আক্কেলপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আসামিদের আক্কেলপুর থানায় সোপর্দ করা হবে। এদিকে গত ২৯ এপ্রিল পঞ্চগড়ের ধাক্কামারার বাড়ি থেকে তুহিন নিখোঁজ হয়। ওই দিন দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামের রাসেল মিয়া পরিচয়ে এক ব্যক্তি তুহিনের বাবা শহীদুল ইসলামকে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সোমবার শহীদুল ইসলাম পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মঙ্গলবার রাসেল মুঠোফোনে শহীদুলকে দুই লাখ টাকা নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় এলাকায় আসতে বলেন। গতকাল সকালে পুলিশ দুই লাখ টাকাসহ তুহিনের বাবাকে নিয়ে ঘাটাইল কলেজ মোড়ে অবস্থান নেয়। টাকা লেনদেনের সময় পুলিশ রাসেলকে হাতেনাতে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কলেজ মোড়ের বংশাই গেস্টহাউসের একটি কক্ষ থেকে তুহিনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই রাসেল ও তুহিনকে পঞ্চগড় সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।