জয়পুরহাটে বিডিআরের ৩ রাইফেল ব্যাটালিয়নে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির পানছড়ির ৩০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় শুনানি হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরজয়পুরহাট: ৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়নের ২০ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের মামলার বিচারকাজ শুরু হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমদ। আদালতে আসামিদের মধ্যে ১৩ জন দোষ স্বীকার করেন, সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। গতকাল সাক্ষ্য দেন মামলার বাদী ব্যাটালিয়নের সুবেদার শফিকুল ইসলাম। নিজেদের নির্দোষ দাবিকারী সাতজন আসামি সাক্ষীকে জেরা করেন। মামলার অন্য দুই সাক্ষী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক এবং উপ-অধিনায়ক মেজর কাউছার আহমেদও গতকাল সাক্ষ্য দেন। তবে আসামিরা তাঁদের জেরা করেননি। আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাড়ে আটটায় সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে বিশেষ আদালত-১৪-তে চতুর্থ দিনের মতো বিচারকাজ শুরু হয়। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল ফরহাদ আহমেদ,বিডিআর এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান (বীর প্রতিক) ও মেজর মো. মাকসুদুল আলম। সরকার পক্ষে বিশেষ আইনজীবী হিসেবে ছিলেন গাজী জিল্লুর রহমান ও মো.হাবিবুর রহমান শেখ। গত রোববার ব্যাটালিয়নের ২৯ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁদের মধ্যে ২৭ জন নিজেদের দোষ স্বীকার এবং দুজন নিজেদের নির্দোষ দাবি করেন। গতকাল ওই দুজনের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষ্য দেন এবং আসামিরা সাক্ষীদের জেরা করেন। আদালত আগামী ৩০ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।খাগড়াছড়ি: পানছড়ির ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানকে সকাল নয়টায় খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত-১৫-তে হাজির করা হয়। বিচারিক প্যানেলের সভাপতি ছিলেন কর্নেল জাহিদুর রহমান। আদালতে আসামিদের উপস্থিতিতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন গত বছরের ফেব্রুয়ারি মাসে পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়ন দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ পড়েন। শুনানি শেষে আদালত আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।