জয়পুরহাট ও দুপচাঁচিয়ায় পানির নিচে ৮ হাজার হেক্টর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি ও বন্যায় জয়পুরহাট জেলা ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আট হাজার হেক্টরের বেশি জমির ধান ও সবজি পানিতে ডুবে গেছে। ভেসে গেছে কয়েক শ পুকুরের মাছ।

জয়পুরহাটের বিল হাওয়াই এলাকার তুলশী গঙ্গা নদ ও ছোট যমুনা নদীর পানি বেড়ে আমন ও সবজিখেত ডুবে গেছে। এদিকে তুলশী গঙ্গা নদের দুই পাশের বাঁধের জলকপাটগুলো দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে আছে। ফলে বিল হাওয়াইয়ের বাঁধ এখন এলাকার কৃষকদের জন্য মরণফাঁদ। তাঁদের কষ্টের ফসল পানির নিচে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার মধ্যে চার উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন মাঠের ফসল বন্যায় ডুবে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায় জানান, প্রায় ৫ হাজার ১০০ হেক্টর জমির ধান ও সবজি ডুবে গেছে। তবে কৃষকদের দাবি, ডুবে যাওয়া ফসলের পরিমাণ আরও বেশি। শুধু বিল হাওয়াতেই ৪ হাজার হেক্টর জমির ধান এখন পানির নিচে। উপপরিচালক সুধেন্দ্র নাথ রায় বলেন, দ্রুত পানি নেমে গেলে ফসলের খুব একটা ক্ষতি হবে না। জেলা মৎস্য কর্মকর্তা আবদুল জলিল মিয়া বলেন, জেলার ৪৯৮টি পুকুরের মাছ ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মারজান হোসেন জানান, জেলায় বাঁধের ভেতরে আমন আবাদের ১১ হাজার ১২৬ হেক্টর জমির মধ্যে বেশির ভাগ জমির ধান পানিতে ডুবে গেছে।

এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কয়েকটি গ্রামের ধানখেত পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে থাকা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধানখেত থেকে পানি সরে যাওয়ার পর ধানের চারার সংকট দেখা দেবে বলে কৃষকেরা জানিয়েছেন।

গত সোমবার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এলাকার ৩ হাজারের বেশি হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। নাগর নদের পানি বেড়ে যাওয়ায় দুই কূলের আশপাশে এবং উপজেলার জিয়ানগর ইউনিয়ন থেকে আসা ইরামতি খালের দুই কূল ও তালোড়া রেললাইনের পাশ দিয়ে যাওয়া খালের পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার ধানখেত পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, উপজেলায় ১২ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করেছেন কৃষকেরা। এ এলাকায় রঞ্জিত ও গুটিস্বর্ণা জাতের ধান কৃষকেরা লাগিয়েছেন। এ জাতের ধানগাছ পানির নিচে তিন-চার দিন পর্যন্ত থাকতে পারে। এর বেশি দিন থাকলে ধানগাছ নষ্ট হয়ে যাবে।