পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার মিলগেট প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমের ফাইনাল খেলা হয়েছে। গতকাল শুক্রবার জয়পুরহাটের ক্ষেতলাল স্পোর্টিং ক্লাবের (কেএসসি) টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে।
মিলগেট প্রিমিয়ার লিগ জানায়, ওই মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রেনেসাঁ রয়েলস ছয় উইকেটে মিলগেট রয়েলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত ১২ ওভারে মিলগেট রয়েলস প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৭৩ রান করে। জবাবে রেনেসাঁ রয়েলস ১০ দশমিক ৪ ওভারে চার উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের মজাহারুল হক ম্যাচসেরা এবং পুলক লিগসেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ ট্রফি বিতরণ করেন।
ক্ষেতলালে গতকাল কেএসসির টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম এ রহমান, ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কেএসসির সভাপতি ইমুন রহমান। উদ্বোধনী খেলায় আক্কেলপুর ও জামালগঞ্জ ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়। এতে ৫৯ রানে জামালগঞ্জ ক্রিকেট ক্লাব জয়ী হয়েছে।