জয়পুরহাট ও বগুড়ায় ১৪৪ ধারা
পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান এবং অবরোধকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ রোববার জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকা ও বগুড়া জেলার গাবতলী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলা সদরে আওয়ামী লীগের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ দুজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচবিবি পৌরসভা এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ রোববার সকালে আওয়ামী লীগ অবরোধবিরোধী একটি মিছিল বের করে। এ সময় মিছিলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে অবরোধকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাঁচবিবির গোহাটা এলাকায় পৌর মেয়র হাবিবুর রহমানের চাচা আইয়ুব হাসান অভিযোগ করেন, অবরোধকারীরা তাঁর বাড়িসহ চারটি বাড়ির জানালার কাচে ভাঙচুর চালায়। তারা মেয়রের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে এবং বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছবি তুলতে গিয়ে পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম (৩৮) আহত হন বলে জানা গেছে। তাঁকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আজাদ আলী (৫৩) নামের আরও একজন আহত হন। তিনিও একই হাসপাতালে ভর্তি আছেন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ খন্দকার জানান, অবরোধকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে পরিস্থিতি এখন শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বগুড়া: জেলার গাবতলী উপজেলা সদরে তিন মাথা বাজারে দুপুর সাড়ে ১২টার দিকে আজ রোববার পাল্টাপাল্টি সমাবেশ ডাকে ১৪ দল ও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা সুলতানা জানান, দুই দল পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত গাবতলী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।