জয়পুরহাট ও সিরাজগঞ্জে সাড়ে সাত হাজার মুরগি নিধন
সিরাজগঞ্জ ও জয়পুরহাটের দুটি খামারে বার্ড ফ্লু (এভিয়েন ইনফ্লুয়েঞ্জা) ধরা পড়ার পর প্রায় সাড়ে সাত হাজার মুরগি নিধন করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের প্রান্তি পোলট্রি ফার্মের ৫০-৬০টি মুরগি মারা যায়। মরা মুরগি জয়পুরহাট আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরে এর প্রতিবেদন ঢাকায় পাঠানোর পর মুরগিগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। রোববার রাতে খামারের পাঁচ হাজার ৮৮১টি মুরগি নিধন করে মাটির নিচে পুঁতে ফেলা হয়। মুরগি নিধনের সময় জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল ওই খামারের প্রায় ছয় হাজার মুরগি নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জে বার্ড ফ্লুতে হাতেম আলী আকন্দের খামারের ১৬০টি মুরগি মারা যায়। ওই দিন মরা মুরগির নমুনা জেলা প্রণিসম্পদ কার্যালয়ে এবং পরে ঢাকার কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণাগারে পরীক্ষার পর বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত হয়। গত রোববার রাত ১০টার দিকে খামারের বাকি প্রায় দেড় হাজার মুরগি নিধন করা হয়।