জয়পুরহাট চিনিকল ডিপো থেকে তেল চুরি, তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি আখমাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলের ডিপো থেকে সাড়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৬ জানুয়ারি চিনিকলের ট্রাক্টরচালক বাদল চন্দ্রকে সাময়িক বরখাস্ত ও চুক্তিভিত্তিক চালক বাদল চন্দ্রের ছেলে নয়ন চন্দ্রকে অব্যাহতি দেওয়া হয়েছে।একই ঘটনায় গতকাল মঙ্গলবার ভান্ডাররক্ষক আবদুল হাকিম ও ডিপো অপারেটর যোগেন চন্দ্রকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বিভিন্ন আখ ক্রয়কেন্দ্র থেকে আখ পরিবহনের জন্য এবং কলের অন্যান্য প্রয়োজনে ব্যবহূত যানবাহনের জন্য ডিজেলের চাহিদা এক লাখ ৭০ হাজার লিটার। গত ২৪ জানুয়ারি পর্যন্ত এক লাখ ১২ হাজার লিটার ডিজেল খরচ হয়েছে যা ছিল অস্বাভাবিক। বিষয়টি গত ২০ জানুয়ারি সহব্যবস্থাপক (পরিবহন) প্রকৌশলী ইউসুফ হোসেনের নজরে আসে। তিনি ওই দিন একটি ভাউচারের মাধ্যমে একটি ট্রাক্টরের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল তোলার বিষয়টি উদ্ঘাটন করেন। পরে তিনি বিষয়টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহকে জানান। এ ঘটনা তদন্তের জন্য ব্যবস্থাপনা পরিচালক গত ২৪ জানুয়ারি তিন সদস্যের কমিটি গঠন করেন। এ বিষয়ে ট্রাক্টরচালক বাদল চন্দ্র ও তাঁর ছেলে নয়ন চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।