জয়পুরহাট চিনিকলে আবার শুরু হচ্ছে আখমাড়াই
জয়পুরহাট চিনিকলের ২০১৬-২০১৭ আখমাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে চিনিকল কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
গত ৯ ডিসেম্বর আখমাড়াইয়ের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু মিল চালু অবস্থায় হঠাৎ করে ২ ডিসেম্বর বয়লারের গ্যাস (বাষ্প) পাইপলাইনের সংযোগস্থলের নিরাপত্তা ভালভ বিস্ফোরণ ঘটে। এতে চিনিকলের উপসহকারী প্রকৌশলীসহ তিনজন দগ্ধ হন। নিরাপত্তা ভাল্বটি লাগানোর পর চিনিকলে আখমাড়াই শুরু হতে যাচ্ছে।
জয়পুরহাট চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাট চিনিকলের অধীনে ৭ হাজার ১০০ একর জমির আখমাড়াই করে সাড়ে চার হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ থেকে চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শতকরা সাড়ে সাত ভাগ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল বলেন, আজ সোমবার বেলা ২টার দিকে আমন্ত্রিত অতিথিরা চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, গত শুক্রবার ৯ ডিসেম্বর চিনিকলে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধনের দিন ধার্য ছিল। কিন্তু হঠাৎ করে মিলে দুর্ঘটনা ঘটায় তা তিন দিন পিছিয়ে আজ সোমবার করা হয়েছে।
২ ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটে। ৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘গ্যাস পাইপে বিস্ফোরণ: প্রকৌশলীসহ দগ্ধ ৩’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এমডি জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ভালভটি বদলে ফেলা হয়েছে। আর ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা বর্তমানে শঙ্কামুক্ত।