জয়পুরহাট চিনিকলের বিপুল পরিমাণ চিনি অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের বিপুল পরিমাণ চিনি অবিক্রীত রয়েছে। ফলে উৎপাদিত চিনি নিয়ে বিপাকে পড়েছে চিনিকল কর্তৃপক্ষ। অবিক্রীত এই চিনি দিয়েই পরিশোধ করা হচ্ছে চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসর ভাতা। সরকারি মূল্য অনুযায়ী ৫০ টাকা কেজি দরে অবসর ভাতার টাকার সমপরিমাণে তাঁদের চিনি দেওয়া হচ্ছে। কিন্তু চিনির বাজারমূল্য কম থাকায় কর্মচারীরা লোকসান গুনছেন।চিনিকল সূত্রে জানা গেছে, ২০১২-১৩ আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদন হয় ছয় হাজার ৭৮ মেট্রিক টন, এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৫৪২ দশমিক ৩৫ মেট্রিক টন, অবিক্রীত রয়েছে পাঁচ হাজার ৫৩৫ দশমিক ৬৫ মেট্রিক টন। অবিক্রীত এই চিনির মূল্য ২৭ কোটি ৬৭ লাখ টাকা। এ ছাড়া ২০১১-১২ মৌসুমের অবিক্রীত চিনি রয়েছে দুই হাজার ১৩৭ দশমিক ৮৫ মেট্রিক টন। এর বাজারমূল্য ১০ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ গত দু্ই মৌসুমের মোট ৩৮ কোটি ৩৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকার চিনি অবিক্রীত রয়েছে। এদিকে চিনি অবিক্রীত থাকায় চিনিকলের অবসরপ্রাপ্ত ৮৫ জন কর্মচারীকে তাঁদের অবসর ভাতার বিপরীতে ৩৬৬ দশমিক ৩৫ মেট্রিক টন চিনি বরাদ্দ দেওয়া হয়। ৫০ টাকা কেজি দরে ওই চিনির সরকারি মূল্য এক কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকা। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওই চিনি তুলে তা ৪২ টাকা কেজি দরে বাজারে বিক্রি করতে হয়েছে। ফলে ভাতা হিসেবে যে টাকা তাঁদের পাওয়ার কথা ছিল তাঁর চেয়ে তারা অনেক কম টাকা পেয়েছেন। চিনিকলের চিনি সরকার-নির্ধারিত মূল্য ৫০ টাকা কেজি হওয়ায় ডিলাররাও চিনিকলের চিনি তুলছেন না। অবসরপ্রাপ্ত কর্মচারী পাঁচবিবি উপজেলার দানেজপুরের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, তিনি ওই চিনিকলে ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘদিন থেকে চিনিকলে ধরনা দিয়েও তিনি তাঁর অবসর ভাতা তুলতে পারেননি। এবার টাকার বদলে অবসর ভাতা হিসেবে ১৬ মেট্রিক টন চিনি ৫০ টাকা কেজি দরে তাঁকে বরাদ্দ দেওয়া হয়। ওই চিনি বাজারে ৪২ টাকা কেজি দরে তাঁকে বিক্রি করতে হয়েছে। এতে তিনি এক লাখ টাকা কম পেয়েছেন। একইভাবে অবসরপ্রাপ্ত অন্য কর্মচারীদেরও লোকসান গুনতে হয়েছে।জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান জানান, বেসরকারি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানির চিনি বাজারে কম দামে বিক্রি হচ্ছে। চিনিকলের চিনির মূল্য বেশি হওয়ায় এই চিনি কেউ কিনছে না। ৫০ টাকা কেজি দরে চিনিকলের চিনি বিক্রি করা সম্ভব নয়।জয়পুরহাট শহরের ব্যবসায়ী ও চিনিকলের ডিলার শামসুল ইসলাম জানান, বেসরকারি চিনির চেয়ে চিনিকলের চিনি কেজিপ্রতি ৫-৬ টাকা বেশি। এ কারণে সাধারণ ক্রেতারা ওই চিনি কিনছে না। তাই তাঁরা চিনিকল থেকে চিনি তুলছেন না। এ ব্যাপারে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেন, চিনি বিক্রি না হওয়ায় তাঁরা মারাত্মক আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। চিনিকলে দুই বছরের উৎপাদিত চিনি অবিক্রীত রয়েছে। তাঁর ওপর আগামী নভেম্বরে নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। ফলে চিনি রাখার জায়গার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। চিনি বিক্রির ভরা মৌসুমেও চিনিকলের চিনি বিক্রি করা যাচ্ছে না।