জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুর, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল উচ্ছৃঙ্খল যুবক গতকাল রোববার জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে ৮-১০টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সকালে সেখানে স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর আগে সিভিল সার্জনের বিরুদ্ধে ঘুষ নিয়ে লিখিত পরীক্ষায় প্রার্থীদের পাস করতে সহায়তা করার অভিযোগ তুলে ওই যুবকেরা হামলা চালায় এবং কয়েকজন চিকিত্সক, সেবিকা ও কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় কর্তৃপক্ষ গতকাল রোববার ও আজ সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।প্রত্যক্ষদর্শী, জেলা সিভিল সার্জন কার্যালয় ও থানা সূত্রে জানা গেছে, গতকাল জয়পুরহাট জেলার স্বাস্থ্য সহকারী পদে সদর ও পাঁচবিবি উপজেলার ৯৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার দিন ছিল। সিভিল সার্জনের কার্যালয় সদর হাসপাতালসংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেয় এবং পাঁচজন প্রার্থীকে ইনস্টিটিউটের নিচতলায় ডেকে নিয়ে যায়। সকাল সোয়া নয়টার দিকে ৩০-৪০ জন যুবক সিভিল সার্জনের বিরুদ্ধে ঘুষ নিয়ে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় প্রার্থীদের উত্তীর্ণ করার এবং মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করার অভিযোগ তুলে নার্সিং ইনস্টিটিউটে হামলা চালায়। এ সময় চিকিত্সক, নার্স ও কর্মচারীরা বাধা দিলে তাদের লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা নার্সিং ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা লুত্ফননেছার কার্যালয় ও ইনস্ট্রাকটরের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। পরে তারা ভবনের নিচেরতলা ও ওপর তলায় আরও চার-পাঁচটি কক্ষের দরজা-জানালার কাচ ভাঙচুর করে।মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড স্বাস্থ্য সহকারী পদে শতকরা ৩০ ভাগ কোটা পূরণের দাবিতে সকাল সাড়ে নয়টার কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন করে। কমান্ডের আহ্বায়ক ওলিউজ্জামান আলম জানান, নার্সিং ইনস্টিউটিটে ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধারা জড়িত নয়। বেলা ১১টার দিকে যুবকেরা আধুনিক হাসপাতালের বহির্বিভাগের সামনে সমবেত হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, সিভিল সার্জন ঘুষ নিয়ে লিখিত পরীক্ষায় অনেক অযোগ্য প্রার্থীকে উত্তীর্ণ করে দিয়েছেন। তিনি তাঁর অপসারণেরও দাবি করেন। সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিক ঘুষ নিয়ে লিখিত পরীক্ষায় পাস করতে সহায়তা এবং মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার অভিযোগ অস্বীকার করেছেন।মৌখিক পরীক্ষা নিতে আসা স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও মৌখিক পরীক্ষা বোর্ডের সভাপতি সামছুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম জানান, মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতিকালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, পুলিশি বাধা উপেক্ষা করে যুবকেরা ভাঙচুর চালিয়েছে। থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিক। সভায় আজ সোমবার ও কাল মঙ্গলবার কালোব্যাজ ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। ভাঙচুর ঘটনার প্রতিবাদে জেলার সব হাসপাতালের চিকিত্সকেরা এই কর্মসুচি পালন করবেন।