জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে হামলার ঘটনায় জিডি
জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনায় রোববার রাতে সদর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সিভিল সার্জন ও নার্সিং ইনস্টিটিউটের প্রধান এই জিডি দুটি করেছেন। ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জেলার সব হাসপাতালের চিকিত্সক, সেবিকা ও কর্মচারীরা গতকাল সোমবার কালো ব্যাজ ধারণ করেছেন। ভাঙচুরের ঘটনার পর সিভিল সার্জন কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে, জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে গত রোববার স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু মৌখিক পরীক্ষা শুরু হওয়ার আগেই একদল যুবক ইনস্টিটিউটে হামলা চালিয়ে ৮-১০টি কক্ষ ভাঙচুর করে। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নির্দেশে রোববার ও গতকাল সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে প্রথম আলোতে গতকাল সোমবার ‘স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুর, পরীক্ষা স্থগিত’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিকী জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি এবং নার্সিং ইনস্টিটিউটের প্রধান লুত্ফননেছা সদর থানায় রোববার জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, রোববার অজ্ঞাতনামা ৪০-৫০ জন যুবক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উপপরিদর্শক (এসআই) রায়হানুল ইসলামকে নার্সিং ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর জানা যাবে কারা এই হামলার সঙ্গে জড়িত।