জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের ১৪ নেতার পদত্যাগ
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ, ইউনিয়নের তহবিল তছরুপসহ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে কমিটির ১৪ নেতা পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই নেতারা পদত্যাগের ঘোষণা দেন।
গতকাল বেলা ১১টার দিকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোটর শ্রমিক ইউনিয়নের ওই নেতারা পদত্যাগের কথা জানান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সহসভাপতি আবদুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন অপর সহসভাপতি মাহবুব আলম, সহসাধারণ সম্পাদক শাজাহান আলী, ইকবাল হোসেনসহ পদত্যাগকারী ১২ শ্রমিক নেতা। এ ছাড়াও ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত নেতা কর্মীরা অবিলম্বে নির্বাচন দাবি করেন।
মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ২০১১ সালে ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সরদার আবদুল হাফিজ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গত মার্চে নির্বাচন দিলে ভোট চলাকালে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্র হামলা চালায়। এতে ভোট বাতিল হয়ে যায়। এ ঘটনায় নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা তমিজুর রহমান প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করেন। নির্বাচনে সভাপতি পদে অপর প্রার্থী ছিলেন রফিকুল ইসলাম। পরে কমিটি জরুরি সভা করে জাহাঙ্গীর আলম ও গোলাম মর্ত্তুজাকে সংগঠন থেকে বহিষ্কার করে। মার্চেরই শেষ দিকে আবার নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু এবার জাহাঙ্গীর আলম নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা করেন। আদালত দুই মাসের স্থগিতাদেশ দেন।
জাহাঙ্গীর আলম বলেন, তিনি আপস-মীমাংসার পক্ষে।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা নিষ্পত্তির পর নির্বাচনে আপত্তি নেই তাঁর।