জয়পুরহাট শহরে পত্রিকা বিলি বন্ধ
ঢাকা থেকে জয়পুরহাট জেলা শহরে দেরিতে পত্রিকা পৌঁছানোর প্রতিবাদে সংবাদপত্রের হকাররা গতকাল বুধবার থেকে তিন দিন শহরে পত্রিকা বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে গতকাল শহরে কোনো পত্রিকা বিলি হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কসহ টাঙ্গাইলে তীব্র যানজট তৈরি হওয়ায় ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলো জয়পুরহাট ও উত্তরাঞ্চলের জেলাগুলোয় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এর প্রতিবাদে জয়পুরহাটের স্থানীয় সংবাদপত্রের হকাররা তিন দিন পত্রিকা বিলি না করার সিদ্ধান্ত নিয়ে গত মঙ্গলবার শহরে মাইকিং করেন।হকার রুহুল আমীন, আতিয়ার রহমান, মাহবুব হোসেন, শহিদুল ইসলাম, নূর আলম, আজিম ও মানিক অভিযোগ করেন, প্রতিদিন সকাল সাতটার মধ্যে শহরে পত্রিকা না পৌঁছানোয় তা বিলি করতে গিয়ে পাঠকদের তোপের মুখে পড়তে হয় তাঁদের। এ কারণে তাঁরা গতকাল বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পত্রিকা বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।