তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষে তিনজন মারাত্মক আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৩১ জুলাই পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করেছে। পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার কলেজ মাঠে আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলার সময় জায়গা নিয়ে ঠেলাঠেলির একপর্যায়ে ছাত্রলীগসমর্থিত ছেলেরা ছাত্রদলের সমর্থক প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র তারেক রহমানকে মারপিট করেন। এ ঘটনার জের ধরে গতকাল কলেজ মাঠে পদার্থবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের মধ্যে ফুটবল খেলা চলার সময় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় জয়পুরহাট সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান, দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের সমঞ্চানের ছাত্র তৌফিকুল হাসান ও লেদ কর্মচারী শাহাদৎ হোসেন আহত হন।জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজার রহমান ও ছাত্রলীগের আহত নেতা মাহমুদুল হাসান দাবি করেন, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রদলের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করে। জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান দাবি করেন, গতকাল ফুটবল খেলা দেখার সময় ছাত্রলীগ ও তাদের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় ছাত্রদলের কর্মীদের ওপর হামলা করে তিন-চারজনকে আহত করে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. একরামুল হক জানান, সংঘর্ষ এড়াতে ৩১ জুলাই পর্যন্ত আন্তবিভাগ ফুটবল খেলা ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষই মামলা করেনি।